মিসরের প্রেসিডেন্টের সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই রবিবার কায়রো সফরে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ।
মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশটির গোয়েন্দাপ্রধান হাসান রাশাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে ইরান, গাজা উপত্যকা ও সুদানের যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া উপসাগরীয় দেশগুলোতে হামলা এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকির বিষয়েও আলোচনা হয়।
প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-সিসি ‘রাজনৈতিক ও কূটনৈতিক পথে আঞ্চলিক সংকটগুলোর সমাধান করার সর্বোচ্চ গুরুত্বের’ ওপর জোর দিয়েছেন।
মিসরের প্রেসিডেন্টের কার্যালয় আরও জানিয়েছে, রবিবার র্যাটক্লিফ ‘আঞ্চলিক সংকটগুলোর শান্তিপূর্ণ ও সমন্বিত সমাধানে পৌঁছানোর লক্ষ্যে চলমান প্রচেষ্টায় মিসরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন।’
সূত্র: এএফপি



