ইসরায়েলের ২৬ তম সাধারণ নির্বাচন
আরব দলগুলোর আঁচলেই ক্ষমতার চাবি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বেদুইন শহর রাহাতে নির্বাচনের আগে ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান ও জয়েন্ট লিস্টের নেতাদের ছবি সংবলিত প্রচার বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক বেদুইন নারী। ছবি রয়টার্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রতিদ্বন্দী গাদি আইজেনকট, কারও জোটই নির্বাচনে স্পষ্টত সংখ্যাগোরিষ্ঠতা পায়নি। কোনো সমীকরণেই আর একক জোটের সরকার গঠনের সম্ভাবনা নেই। ফলে ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি এখন চলে গেছে সংখ্যালঘু আরব দলগুলোর হাতে।
মঙ্গলবারের নির্বাচনে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখা গেছে এবার। ভোট দিয়েছেন মোট ৭৩ লাখ ভোটার। রয়টার্সের বুধবারের প্রতিবেদন থেকে জানা যায়, বুথ ফেরত জরিপে নেতানিয়াহুর জোট পেয়েছে ৪৩.৭% ভোট। গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৩৭.৭% ভোট। আরব দলীয় জোট দ্য জয়েন্ট লিস্ট পেয়েছে ৮.৫% ও একক ভোট করা আরব দল রা’আম পেয়েছে ৫.২% ভোট। যদিও একক দল হিসেবে ২০.৬৫% ভোট পেয়ে এগিয়ে আছে নেতানিয়াহুর লিকুদ।
ইসরায়েলে সরকার গঠন করার জন্য ১২০টি আসনের মধ্যে কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসনে জয় নিশ্চিত করতে হয়। তবে এবারের নির্বাচনে সেই জাদুকরী সংখ্যা ‘৬১’ ছুঁতে পারেনি কোনো জোট। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নেতানিয়াহু জোটিএগিয়ে রয়েছে ৫৪টি আসনে। অন্যদিকে ৪৯টি আসনে এগিয়ে রয়েছে বিরোধি জোট। ফলে স্বাভাবিকভাবেই সরকার গঠনের জন্য তাদের দ্বারস্থ হতে হবে আরব দলগুলোর।
এই নির্বাচনে দুই ভাগে লড়ছে ইসরায়েলের আরব দলগুলো। তিনটি আরব দল — হাদাশ, বালাদ, তা’আল এক হয়ে গঠন করেছে দ্য জয়েন্ট লিস্ট। এরা এগিয়ে আছে ১১টি আসনে। একক দল হিসেবে ভোটের ময়দানে আছে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন রক্ষণশীল আরব দল রা’আম। এই দল এগিয়ে আছে ৬টি আসনে। আরব বলয়ে থাকা এই ১৭টি আসনই এখন নির্ধারন করবে ইসরায়েলের শাসনভার কার হতে ন্যস্ত হবে।
ইসরায়েলের নির্বাচনী কমিটি গতকাল ভোট গণনার পর জাতীয় নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সাধারণ ব্যালটের ৯২% থেকে ৯৩% ভোট গণনা শেষ হয়েছে, যা মোট ভোটের ৮৫.৬ শতাংশ। এছাড়া সেনাসদস্য, কূটনীতিক ও অন্যান্য বিশেষ শ্রেণির ভোট গণনা এখনো বাকি রয়েছে, যা চূড়ান্ত হতে আজকের দিন পর্যন্ত সময় লাগতে পারে ধারণা করা হচ্ছে।
সব ভোট গণনা শেষ হেবার পর আসন সংখ্যায় সামান্য তারতম্য আসলেও এবার একক জোটের সরকার আসার সম্ভাবনা নেই ইসরায়েলে। তাই শেষ তক কার হাতে ক্ষমতা যায় তার জন্য অপেক্ষ করতে হতে পারে কয়েক সপ্তাহ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ভোট গণনা শেষ হলেই শুরু হয়ে যাবে নতুন সমীকরণের আলোচনা। শেষ পর্যন্ত আরব দলগুলোকে যে জোট দলে ভেরাতে পারবে সেই গঠন করবে সরকার।
উল্লেখ্য, ইসরায়েলে বসবাস করেন মোট ২১ লাখ আরব। যা দেশটির জনসংখ্যার মোট ২১%। এই ইসরায়েলি আরবদের ৮৫% সুন্নি মুসলমান, ৮% দ্রুজ সম্প্রদায়ের আর ৭% খ্রিস্টান। এরাই মূরত এই ভূখন্ডের মূল বাসিন্দা। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হলে যারা ভিটা ছেড়ে যেতে রাজি হননি তারা ও তাদের বংশধররাই বর্তমানের ইসরায়েলি আরব।



