নেতানিয়াহুর গোপন বৈঠকে সৌদিসহ আরব দেশের প্রতিনিধিরা, অস্বীকার রিয়াদের

প্রতীকী ছবি— এআই
সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন বৈঠক ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। আবুধাবিতে ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সৌদি আরবসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, বৈঠকে ইরান ও হুতিদের মোকাবিলা, বিমান প্রতিরক্ষা সহযোগিতা এবং একটি আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইউএইতে সৌদি ও ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠকের খবর অস্বীকার করেছেন।
নেতানিয়াহুর কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ও তার স্ত্রী রবিবার ‘ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে’ দেশটি সফর করেন। সফরে ‘দুই দেশের সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক চ্যালেঞ্জ’ নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, মোসাদের প্রধান, সামরিক সচিব এবং পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা।
ইউএইর সরকারি বার্তা সংস্থা ওয়ামও (ডব্লিউএএম) নিশ্চিত করেছে, সফরের সময় বিন জায়েদ নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। দুই নেতা ‘ইউএই ও ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা জোরদার ও উন্নয়নের উপায়’ নিয়ে আলোচনা করেন বলে জানায় সংস্থাটি। এর বেশি কোনো তথ্য দেওয়া হয়নি।
বিন জায়েদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কোনো ছবি প্রকাশ করেনি ইউএই। তবে আবুধাবি এবারই প্রথমবারের মতো নেতানিয়াহুর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল।
পরে ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সফরে কয়েকটি আঞ্চলিক দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি গোপন বৈঠকও হয়েছে। এসব দেশের মধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই—এমন দেশও রয়েছে। নাম উল্লেখ করা কোনো দেশই বৈঠক বা এতে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।
ইয়েদিয়োথ আহরোনোথ বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে জানায়, বৈঠকে সৌদি আরব, মরক্কো ও জর্ডানের প্রতিনিধিরা ছাড়াও উপসাগরীয় অন্যান্য কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। মোসাদের প্রধান রোমান গফম্যান বৈঠকটির আয়োজন করেন বলে জানা গেছে। আর বিন জায়েদ বৈঠকটি আয়োজনের জন্য সম্মতি দেন।
এদিকে রয়টার্স জানিয়েছে, বৈঠকের এমন খবর অস্বীকার করেছেন সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে প্রতিবেদনে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
সূত্র: মিডলইস্ট মনিটর



