এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

রিয়াদের মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের একের পর এক হামলার মধ্যে সৌদি আরব ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে থাকা মার্কিন দূতাবাস মঙ্গলবার নাগরিকদের ‘ভ্রমণ পুনর্বিবেচনার’ পরামর্শ দিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদিতে মার্কিন স্বার্থের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন নিয়েও সতর্ক করা হয়েছে। ইয়েমেন সীমান্তে সন্ত্রাসবাদের হুমকির কারণে সেখানে ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। গত সোমবার হুতিরা সৌদির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এসব হামলায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে দ্রুত অগ্রসর হয়েছে হুতিরা। তারা মোচা বন্দর ও পেরিম দ্বীপসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নিয়েছে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালির ওপরও তাদের নিয়ন্ত্রণ বেড়েছে। এই পথটি লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ।
হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্যেই বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে। ফলে ইয়েমেনের নতুন সংঘাত শুধু সৌদি আরবের নিরাপত্তা নয়, আঞ্চলিক নৌ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল




