মাঝ আকাশে যাত্রীবাহী ফ্লাইটে দুই পাইলটের মারামারি, যুদ্ধবিমান পাঠাল ইসরায়েল

ছবি: রয়টার্স
দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে পাইলটদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এর পর অপ্রত্যাশিতভাবে সৌদি আরবে অবতরণ করেছে ফ্লাইটটি। স্থানীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার ভোরে উড্ডয়ন করা ফ্লাই দুবাইয়ের বিমানটি যাত্রার দুই ঘণ্টা পর জরুরি সংকেত পাঠায়।
এর কয়েক মিনিট পর সংকেতটি হাইজ্যাকের ঘটনা জানাতে পরিবর্তন করা হয়। পরে আবার সেটি সাধারণ জরুরি সংকেতে ফিরিয়ে নেওয়া হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন। পরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। যাত্রীরাও স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।
প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে ফ্লাইট এফজেড১০৭৩-এর বেন-গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। যাত্রীদের বেশির ভাগই ইসরায়েলি। তবে বিমানটি এর পরিবর্তে সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফ্লাইটটি ‘পথে থাকা অবস্থায় একটি ঘটনায়’ পড়েছিল। আরও তথ্য পাওয়া গেলে এ বিষয়ে আপডেট জানানো হবে। তিনি বললেন, ‘আমাদের দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড্ডয়নের মাত্র দুই ঘণ্টা পর সৌদি আরবের আকাশসীমায় বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। ০৫:২১ ইউটিসির পর দুই মিনিটেরও কম সময়ে বিমানটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়।
০৫:৪০ মিনিটে বিমানটি অল্প সময়ের জন্য জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে। কয়েক মিনিট পর সেটি আবার সৌদি আরবের আকাশসীমায় ফিরে আসে। এরপর অবতরণের জন্য নিচে নামতে শুরু করে।
ঘটনার পর ইসরায়েলি বিমানবাহিনী যুদ্ধবিমান পাঠায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটি নিয়ে জরুরি পরামর্শ করেন।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সৌদি আরব থেকে ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সূত্র : বিবিসি



