জ্বালানির দাম বাড়ায় সিরিয়া জুড়ে বিক্ষোভ

সিরিয়ায় জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে আলেপ্পো ও তুরস্কের মধ্যকার মহাসড়কে টায়ারে আগুন দিচ্ছেন এক বিক্ষোভকারী। ছবি: রয়টার্স
জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টা একটি প্রধান সড়কও বন্ধ করে রাখেন।
রবিবার সরকার ডিজেলের দাম ৪০ শতাংশ পর্যন্ত এবং পেট্রলের দাম ২৮ শতাংশ বাড়িয়েছে। সরকার বলেছে, বিশ্ববাজারে জ্বালানি সংগ্রহের খরচ অনেক বেড়ে যাওয়ায় সাময়িকভাবে এই দাম বাড়ানো হয়েছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ বানিয়াস তেল শোধনাগারের সংস্কারকাজের কারণেও দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সরকার। সংস্কার শেষে শোধনাগারটির দৈনিক উৎপাদনক্ষমতা ৮০ হাজার ব্যারেল থেকে বেড়ে ১ লাখ ৩০ হাজার ব্যারেল হবে।
হামা, খান শেইখুন ও মারাত আল-নুমান শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। আল জাজিরায় প্রকাশিত ভিডিওতে রাস্তায় বিক্ষোভকারীদের জড়ো হতে এবং টায়ারে আগুন দিতে দেখা গেছে। জ্বালানির দাম বাড়ানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র আলোচনা চলছে।
সিরিয়ায় বর্তমানে প্রতিদিন প্রায় ১ লাখ ২ হাজার ব্যারেল তেল উৎপাদন হচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৩ লাখ ২৫ হাজার ব্যারেল তেল প্রয়োজন। ঘাটতি মেটাতে দেশটি আমদানির ওপর নির্ভর করছে বলে শনিবার জানিয়েছেন সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, বিশ্ববাজারের পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে জ্বালানির দাম পর্যালোচনা করা হবে। দীর্ঘমেয়াদে তেল শোধন ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজও করবে জ্বালানি মন্ত্রণালয়।
১৪ বছরের যুদ্ধের পর সিরিয়া অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে। এই পুনর্গঠনে জ্বালানি সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র : আল জাজিরা




