ভিসা বাণিজ্য-জালিয়াতির দায়ে কুয়েতে বাংলাদেশিসহ ৩ জনের কারাদণ্ড

ফাইল/রয়টার্স
কুয়েতে অবৈধ ভিসা ব্যবসা, সরকারি নথি জালিয়াতি এবং ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর মামলায় এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ও দুই মিশরীয় নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির ফৌজদারি আদালত। আদালতের রায়ে দুই মিশরীয় নাগরিককে পাঁচ বছর করে এবং বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুয়েতের ‘রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’-এর পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ রেসিডেন্স পারমিট (আকামা) বেচাকেনা ও সরকারি লেনদেনে বড় ধরনের জালিয়াতি ধরা পড়ার পর এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়।
ঘোষিত রায় অনুযায়ী, প্রথম মিশরীয় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুইজন অবৈধ শ্রমিকের সঙ্গে সম্পৃক্ততার অপরাধে ১০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়। মামলার দ্বিতীয় মিশরীয় আসামি রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়াতে সরকারি নথিপত্র জালিয়াতি ও ঘুষ দেওয়ার দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ দিনার জরিমানার মুখে পড়েছেন। অন্যদিকে, এই অপকর্মের সঙ্গে যুক্ত থাকা বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে ঘুষ লেনদেনে সহায়তার অপরাধে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ দিনার জরিমানা অনাদায়ে অবিলম্বে সাজা কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।
জালিয়াতির এই চক্রের সঙ্গে যুক্ত থাকা একটি পণ্য পরিবহনকারী কোম্পানির বিরুদ্ধেও কঠোর শাস্তি কার্যকর করা হয়েছে। আদালত প্রতিষ্ঠানটিকে প্রতি শ্রমিকের বিপরীতে ১০ হাজার দিনার করে মোট ২০ হাজার কুয়েতি দিনার জরিমানা করেছেন এবং তাৎক্ষণিকভাবে কোম্পানিটির ব্যবসায়িক লাইসেন্স বাতিলের আদেশ দিয়েছেন।



