নেতানিয়াহুর সরকার হটাতে প্রস্তুত, বিরোধীদের সঙ্গে আলোচনায় আগ্রহী আরব জোট

নাজারেথে অবস্থিত ‘জয়েন্ট লিস্ট’ দলের নির্বাচনী সদর দপ্তরে দলটির প্রার্থী ইউসেফ জাবারিন ভোট-পরবর্তী জরিপের ফলাফলের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাচ্ছেন— রয়টার্স
কোনো দল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সরাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, আরব নেতৃত্বাধীন দলগুলো ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রেকর্ড ১৯টি আসন পেতে পারে।
চ্যানেল ১৩-কে জাবারিন বললেন, ‘নেতানিয়াহুর রক্তপাতের সরকারের বিকল্প হিসেবে যারা প্রকৃত ও অর্থবহ বিকল্প দিতে চায়, ইসরায়েলের জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ তৈরি করতে তাদের আমাদের সঙ্গে কথা বলতে হবে।’
তিনি বললেন, ‘হয় বর্ণবাদ, বঞ্চনা ও আধিপত্যবাদ চলতে থাকবে, নয়তো ইহুদি-আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হবে।’
ইয়েনেতকে আলাদাভাবে দেওয়া সাক্ষাৎকারে জাবারিন বলেছেন, ‘আমরা যে মূল্যবোধে বিশ্বাস করি, তা এগিয়ে নিতে আমাদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগাব।’
তিনি জানান, নেতানিয়াহু, বেন গাভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে তার দল প্রস্তুত।
৮৫ দশমিক ৬ শতাংশ ভোটকেন্দ্রের ভোট গণনা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত আংশিক ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫৩টি এবং ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেতে পারে। দুটি আরব নেতৃত্বাধীন দল মিলিয়ে ১৯টি আসন পেতে পারে, যা ঐতিহাসিক সর্বোচ্চ। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১৩টি এবং রা’আম ছয়টি আসন পেতে পারে।
ফলাফল থেকে বোঝা যাচ্ছে, পরবর্তী সরকার গঠনে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলো নির্ধারক ভূমিকা রাখতে পারে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জায়নবাদী জোটে নাফতালি বেনেটের বি’ইয়াহাদ, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি রয়েছে। তবে আরব দলগুলোর অভ্যন্তরীণ বা বাইরে থেকে সমর্থন ছাড়া এই জোট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।
সূত্র: টাইমস অব ইসরায়েল



