ইয়েমেনে মার্কিন হামলায় ২০২৫ সালে ১৫৩ বেসামরিক নাগরিক নিহত

সংগৃহীত ছবি
২০২৫ সালে ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১৫৩ বেসামরিক মানুষ। আহত হয়েছেন আরও ২৪৩ জন। পেন্টাগনের এক পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গত মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেন এক মার্কিন কর্মকর্তা। ওই কর্মকর্তার ভাষ্য, ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর তালিকাভুক্ত সব বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এপ্রিল মাসে চালানো তিনটি হামলায়।
পেন্টাগনের বার্ষিক বেসামরিক হতাহতসংক্রান্ত প্রতিবেদনের অংশ হিসেবে মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে এই পর্যালোচনা।
এনবিসি নিউজের প্রতিবেদনের পর এটি অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসে। পেন্টাগনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েটেড প্রেসকে।
তবে অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন তিনি। ওই কর্মকর্তা বলছিলেন, আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে প্রতিবেদনটি।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেড়েছে নিহতের সংখ্যা। ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র দুজন বেসামরিক নিহত এবং দুজন আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন।
অন্যদিকে ২০২৫ সালের এপ্রিলের তিনটি হামলার লক্ষ্য ছিল হুথি বাহিনী। ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানা ও এর আশপাশে চালানো হয় এসব হামলা। একই সঙ্গে হামলা করা হয় রস ইসা জ্বালানি বন্দরে।
তিনটির মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল রস ইসা বন্দরে হামলা। সেখানে নিহত হন ৮০ জন। আহত হন আরও ১৭১ জন।
পরে হুথিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে হামলার পরের দৃশ্য প্রচার করা হয়। ঘটনাস্থলে দেখা যায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ।
মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনা করে। হামলার সময় তারা জানিয়েছিল, হুথিদের জ্বালানি ও রাজস্বের উৎস বন্ধ করাই ছিল এই অভিযানের লক্ষ্য।
সূত্র : আলজাজিরা





