বিশ্লেষকের মত
আলোচনা বা যুদ্ধ— প্রস্তুত ইরান

সংগৃহীত ছবি
আলোচনার বিষয়ে রয়েছে পারস্পরিক অবিশ্বাস। তবে আলোচনায় অগ্রগতি কিংবা যুদ্ধ— এই মুহূর্তে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান। এমনটাই মনে করেন সেন্টার ফর মিডল ইস্ট স্ট্রাটেজিক স্টাডিসের জ্যেষ্ঠ ফেলো আবাস আসলানি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে আসলানি জানান, ইরান মনে করে পারমাণবিক ইস্যু এমন একটি বিষয় যেখানে সদিচ্ছা থাকলে সমাধান সম্ভব। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি সত্যিকারের কোনো চুক্তিতে আগ্রহী হয়, তাহলে সহযোগিতায় প্রস্তুত তেহরান। তাই আলোচনায় অগ্রগতি হলে তা অস্বাভাবিক হবে না।
যদিও আলোচনার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী নন আসলানি। এর কারণও জানালেন এই বিশেষজ্ঞ। তার মতে, নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের বন্দরে অবরোধ আরোপ বাধাগ্রস্ত করতে পারে আলোচনার অগ্রগতি। তবে আলোচনার অন্য দিকগুলো কীভাবে এগোচ্ছে সেটিই এখন দেখার বিষয়, জানান তিনি।
প্রসঙ্গত, গত সপ্তাহান্তে ইসলামাবাদে দুপক্ষের আলোচনায় প্রধান অচলাবস্থার কারণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। তবে গতকাল বুধবার তেহরানে যান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি তেহরানে পৌঁছানোর পর এ বিষয়ে অগ্রগতি হয়েছে কিছুটা, সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে আলজাজিরা।

