ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

ছবি: রয়টার্স
নজিরবিহীন এক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ শেষ হওয়ার নয় মাস পর হচ্ছে এই বৈঠক। নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট) গত ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ হয়।
পরে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব করে রাশিয়া। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। চীনকে অন্তর্ভুক্ত করে ‘নতুন, উন্নত ও আধুনিকায়িত’ একটি চুক্তির দাবি জানান তিনি।
ত্রিপাক্ষীয় এই বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, তিন দেশের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ তৈরি করতে পারে এই বৈঠক।
তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, ‘আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছি না।’ বৈঠকটিকে আলোচনার সূচনা হিসেবে বর্ণনা করেন তিনি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার হাতে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র এবং তারপর চীন।
স্টাটিস্টার তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত রাশিয়ার কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে ৪ হাজার ৩০৯টি। একই সময়ে যুক্তরাষ্ট্রের কাছে ছিল ৩ হাজার ৭০০টি এবং চীনের কাছে ছিল ৬০০টি ওয়ারহেড।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শি ও পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান ট্রাম্প। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা এড়িয়ে যাবেন তিনি।
ট্রাম্পের চীন সফরে থাকবেন ইলন মাস্কও। তবে বৈঠকে অংশ নেবেন না তিনি। ওই কর্মকর্তা আরও জানান, এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা নেই।
এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন।
তবে এ তুলনা নাকচ করে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যদিও বৈঠকটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন তিনি।
পুতিনের সঙ্গে ট্রাম্পের এই বৈঠকের খবরে উদ্বিগ্ন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আশঙ্কা, এই বৈঠক কিয়েভকে পাশ কাটিয়ে ইউক্রেন নিয়ে কোনো সমঝোতা আলোচনার মঞ্চ হয়ে উঠতে পারে।
গত বছর চীনের সঙ্গে স্বল্পস্থায়ী বাণিজ্যযুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ সত্ত্বেও ট্রাম্প দুই নেতার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতার চেষ্টা করছে ওয়াশিংটন।
সূত্র: আলজাজিরা।



