বিপুল খরচে কানাডায় ডেটা সেন্টার বানাবে মেটা

মেটার প্রস্তাবিত ডাটা সেন্টার। ছবি: রয়টার্স
কানাডায় নিজেদের প্রথম ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মেটা। বুধবার কোম্পানিটি জানিয়েছে, ৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার খরচে সেন্ট্রাল আলবার্টায় নির্মাণ করা হবে ডেটা সেন্টারটি। খবর রয়টার্সের।
মেটা জানিয়েছে, রাজ্যের স্টারজন কাউন্টিতে ১-গিগাওয়াটের এই ডেটা সেন্টারটি তৈরি করা হবে। আগামীতে একে ১ দশমিক ৮ গিগাওয়াট পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হবে। বিশাল এই ডেটা সেন্টার নির্মাণে কোম্পানিটি ১৩ বিলিয়ন কানাডিয়ান ডলার বা ৯ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক গুরুত্ব দিচ্ছে মেটা। এ খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে কোম্পানিটি। আলবার্টার এই ডেটা সেন্টারটি মেটার ৩৩তম ডেটা সেন্টার।
আলবার্টা প্রাদেশিক সরকারপ্রধান ড্যানিয়েল স্মিথ ও রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যালগেরিতে এই ঘোষণা দেন মেটার কর্মকর্তারা। দীর্ঘদিন ধরেই বড় ধরনের বিনিয়োগ আনতে সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানকে আকৃষ্ট করার চেষ্টা করছে আলবার্টা।
আলবার্টার প্রযুক্তিমন্ত্রী নেট গ্লুবিশ বলেছেন, প্রদেশটিতে আরও বেশ কয়েকটি গিগাওয়াট-স্কেলের ডেটা সেন্টার নির্মাণের প্রস্তাবনা বিভিন্ন পর্যায়ে রয়েছে।
কানাডার তেল ও গ্যাসসমৃদ্ধ প্রদেশটিতে ছোট-মাঝারি মিলিয়ে আরও ২০টি ডেটা সেন্টার রয়েছে। প্রদেশের মোট বিদ্যুতের ৬০ শতাংশই উৎপাদন হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। মেটার ডেটা সেন্টারটি যে পরিমাণ বিদ্যুৎ নেবে, তা দিয়ে প্রায় আট লাখ বাড়ির চাহিদা মেটানো যাবে।




