তৃণমূলের ছাত্র পরিষদের অনুষ্ঠানে হাইকোর্টের শর্ত

কলকাতা হাইকোর্ট। ছবি: সাইখ আল তমালকলকাতা হাইকোর্ট। ছবি: সাইখ আল তমাল
তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের টানাপড়েনে হস্তক্ষেপ করলেন কলকাতা হাইকোর্ট। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর প্রতিষ্ঠা দিবস পালনের জন্য দুপক্ষকেই পৃথক কর্মসূচির অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্ট। অবশ্য কোনো পক্ষকেই ঐতিহ্যবাহী মেয়ো রোডে সভা করার অনুমতি দেওয়া হয়নি।
গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবিরকে রানী রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়। আদালত জানান, দুটি সভা দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত করা যাবে। প্রতিটি কর্মসূচিতে সর্বোচ্চ ১ হাজার ৫০০ জন থাকতে পারবেন।
মেয়ো রোডে একই জায়গায় সভা করার অনুমতি চেয়ে দুপক্ষই পুলিশের কাছে আবেদন করেছিল। অনুমতি না মেলায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শুনানির সময় দুপক্ষকে একসঙ্গে অনুষ্ঠান করার সম্ভাবনাও খতিয়ে দেখেছিলেন আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, দুই শিবির একসঙ্গে অনুষ্ঠান করতে রাজি হলে বড় জমায়েতের জন্য ব্রিগেডে অনুমতি দেওয়ার কথাও বিবেচনা করা যেত। কিন্তু শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।






