গয়েশ্বর চন্দ্র রায়
সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

ছবি: আগামীর সময়
সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। তবে আমরা ধর্মীয় মূল্যবোধকে ধারণ করি। ধর্মীয় মূল্যবোধ বলতে কোনো একক ধর্মকে বোঝায় না, বরং সব ধর্মের সারকথা একই—শান্তি, সততা, অন্যের সম্পদ দখল না করা এবং সৎ পথে চলা।
আজ শুক্রবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার পঞ্চবটী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূজার নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শারদীয় দুর্গোৎসবে প্রতিটি মন্দিরের নিজস্ব উদযাপন কমিটির পাশাপাশি আইনশৃঙ্খলা ও পারিপার্শ্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির পক্ষ থেকেও বিশেষ কমিটি থাকবে। হিন্দু সম্প্রদায় যাতে কোনো প্রকার আতঙ্ক ছাড়া উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবেন।
এ বছর সারা দেশে গত বছরের তুলনায় প্রায় তিন হাজার পূজা বেড়েছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের আগে থেকেই সতর্ক থাকার নির্দেশ দেন।
সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বর রায় বলেন, সমাজে কিছু কট্টর সাম্প্রদায়িক লোক রয়েছে, যারা সামান্য অর্থের বিনিময়ে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। পূজা শেষ না হওয়া পর্যন্ত শক্ত হাতে সবকিছুর নজরদারি চালাতে হবে, যাতে আমরা জাতিগতভাবে অপমানিত না হই।
তিনি আরও অভিযোগ করে বলেন, অতীতে নাসিরনগর, সুনামগঞ্জসহ অন্তত ১০০ স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রমাণ রয়েছে। জরিপ করলে দেখা যাবে, সংখ্যালঘু সম্প্রদায়ের শতকরা ৯০ ভাগ জমি আওয়ামী লীগের লোকজনই দখল করেছে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগ গুটিকয়েক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে উনি (শেখ হাসিনা) ফিরে আসবেন, কিন্তু কোনো দিন-তারিখ নেই। যদি আসতেই হয়, তবে দেশ ছেড়ে পালালেন কেন? একবার যখন চলে গেছেন, মানুষ জানে আপনি আর ফিরবেন না।
এ সময় অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভায় হিন্দু সম্প্রদায়ের কয়েক শতাধিক সাধারণ মানুষসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




