বিয়ের দাবিতে টাওয়ারে তরুণী, নামলেন ভিডিও কলে নিকাহর পর

তরুণী নামতে সহায়তা করছে ভারতীয় পুলিশ। ছবি / সংগৃহীত
প্রেমিককে বিয়ে করতে চান। কিন্তু পরিবারের আপত্তি। শেষ পর্যন্ত বিয়ের দাবিতে উঠে পড়লেন প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে। চার ঘণ্টার টানাপোড়েনের পর ভিডিও কলেই প্রেমিকের সঙ্গে নিকাহ সম্পন্ন হলো। এরপরই টাওয়ার থেকে নিচে নামতে রাজি হলেন ভারতের উত্তর প্রদেশের ১৯ বছর বয়সী এক তরুণী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহরাইচ জেলায়। তরুণীর নাম সাহিবা বেগম। তিনি মেহেক নামেও পরিচিত। নুরউদ্দিন নামের ২১ বছর বয়সী এক তরুণের সঙ্গে সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে বিরোধের জেরে তিনি টাওয়ারে উঠে যান।
এ সময় নুরউদ্দিন ছিলেন প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে। সেখানে কাজ করতেন তিনি। দুজনের বিয়ের ইচ্ছা থাকলেও উভয় পরিবারের আপত্তি ছিল।
টাওয়ারে উঠে বিয়ের দাবিতে অনড় থাকেন মেহেক। প্রায় চার ঘণ্টা ধরে তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করেন স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা। দাবি পূরণ না হলে টাওয়ার থেকে লাফ দেওয়ার হুমকিও দেন তিনি।
খবর পেয়ে নারী পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা মেহেককে শান্ত করার চেষ্টা করেন। পাশাপাশি নুরউদ্দিনের সঙ্গে যোগাযোগ করে দুই পরিবারের বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়।
শেষ পর্যন্ত স্থানীয় এক মুসলিম ধর্মীয় নেতা ভিডিও কলের মাধ্যমে তাদের নিকাহ পড়ান। মুম্বাই থেকে ভিডিও কলে যুক্ত হন নুরউদ্দিন। বিয়ে সম্পন্ন হওয়ার পর টাওয়ার থেকে নামতে রাজি হন মেহেক। নারী পুলিশ সদস্যরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
পরে পরামর্শ দেওয়ার জন্য মেহেক ও তার পরিবারের সদস্যদের থানায় নেওয়া হয়। এরপর মায়ের সঙ্গে তাকে বাড়িতে পাঠানো হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ঘটনাটি দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের আপত্তির কারণে প্রেমিক-প্রেমিকার বিয়ের ইচ্ছা কীভাবে এমন নাটকীয় পরিস্থিতির জন্ম দিতে পারে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে মেহেক ও নুরউদ্দিনের ক্ষেত্রে টাওয়ারে ওঠার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে বিয়ের মধ্য দিয়েই।
সূত্র : জিও নিউজ




