যেখানেই আটকাবে, সেখানেই যন্তর মন্তর
১০ তারিখ উত্তাল হবে দিল্লি, হুঁশিয়ারি ককরোচদের

দশ তারিখে ককরোচদের যুব আন্দোলনে স্তব্ধ হবে দিল্লি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে আজ রাজধানীতে সংবাদ সম্মেলন থেকে এমনই বার্তা দিল কক্রোচ জনতা পার্টি। দলের সহ-আহ্বায়ক সৌরভ দাশ স্পষ্ট জানিয়ে দিলেন, ১০ অক্টোবরের কর্মসূচি শুধু ককরোচ জনতা পার্টির নয়,এটি যুব সমাজ ও জেন জ়ি-র বৃহত্তর প্রতিবাদের ডাক। সেই আন্দোলনের অংশ হিসাবেই থাকছে কক্রোচ জনতা পার্টি।
সৌরভের বক্তব্য, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিংবা নাগরিক অধিকার নিয়ে যে কোনও শান্তিপূর্ণ প্রতিবাদকে তারা স্বাগত জানাচ্ছেন। তাঁর কথায়, ইন্ডিয়া জোট, ছাত্র সংগঠন, সমাজকর্মী কিংবা সাধারণ মানুষ,সকলেরই নিজেদের অধিকার নিয়ে শান্তিপূর্ণ ভাবে সরব হওয়ার অধিকার রয়েছে। বার বার মানুষকে রাস্তায় নামতে হলে তার পিছনে কোনও সমস্যা রয়েছে বলেই মনে করছে কক্রোচ জনতা পার্টি। মানুষের কথা শোনা না হলে প্রতিবাদই হয়ে ওঠে শেষ অবলম্বন, দাবি সৌরভের।
১০ অক্টোবরের কর্মসূচিতে দিল্লির যন্তর মন্তরকে কেন্দ্র করে জমায়েতের পরিকল্পনা রয়েছে কক্রোচ জনতা পার্টির। তবে পুলিশ যেখানে তাদের আটকাবে, সেখানেই বসে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সৌরভ। তার কথায়, যে জায়গায় পুলিশ থামাবে, সেই জায়গাই হয়ে উঠবে ‘যন্তর মন্তর’। অর্থাৎ কর্মসূচি আটকে দেওয়ার চেষ্টা হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে দলের।
সৌরভ আরও দাবি করেন, ১০ অক্টোবরের আগে কক্রোচ জনতা পার্টির নেতাদের গ্রেফতার বা আটক করার সম্ভাবনা রয়েছে বলে ‘শুভানুধ্যায়ীদের’ কাছ থেকে তারা খবর পেয়েছেন। তার বক্তব্য, নেতাদের গ্রেফতার বা আটক করা হলেও আন্দোলন থামবে না। তার কথায়, ভবিষ্যতের জন্য এই লড়াইয়ে এফআইআর বা জেলের ভয় আর নেই।
কক্রোচ জনতা পার্টির অন্যতম প্রধান অভিযোগ নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং ফর্ম ৬ সংক্রান্ত অবস্থান নিয়ে। সৌরভের দাবি, ফর্ম ৬ নিয়ে কমিশনের বক্তব্যের সঙ্গে সুপ্রিম কোর্টে সোমবারের পর্যবেক্ষণের অসঙ্গতি রয়েছে। তার অভিযোগ, কমিশন বলেছিল সুপ্রিম কোর্ট ফর্ম ৬-এর পরিবর্তনকে অনুমোদন করেছে। কিন্তু শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করেছেন, আদালত ফর্ম ৬-এ কোনও পরিবর্তন অনুমোদন করেনি, দাবি সৌরভের।
অর্থাৎ ১০ অক্টোবরের কর্মসূচিতে শুধু নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, ফর্ম ৬ নিয়ে কমিশনের অবস্থান এবং নাগরিকের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিয়েও প্রশ্ন তোলার প্রস্তুতি নিচ্ছে কক্রোচ জনতা পার্টি। সৌরভের বার্তা, এই আন্দোলন কোনও একক দলের কর্মসূচি নয়,যুব সমাজ এবং জেন জ়ি-র ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর প্রতিবাদের অংশ।



