১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

পশ্চিমবঙ্গের মন্ত্রী ও রাজ্য বিজেপির নেতা অর্জুন সিং। ছবি: অর্জুন সিংয়ের ফেসবুক পেজ
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং।
বাংলাদেশে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে তিনি এমন হুমকি দেন বলে আজ বুধবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেশী দেশ ভারতের সংবাদপত্রটিও তার এমন বক্তব্যকে ‘বিতর্কিত’ হিসেবে দেখিয়েছে।
পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় গতকাল মঙ্গলবার অর্জুন সিং সাংবাদিকদের বলছিলেন, “আমরা ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।’
হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে বিজেপির এই নেতা বলেন, ‘হিন্দুদের যে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, তা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব।’
একসময়ের তৃণমূল কংগ্রেসেরে বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে এখন শুভেন্দু অধিকারীর সরকারে শ্রম ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সহসভাপতিও তিনি।
অর্জুন সিংয়ের মন্তব্যটি এমন এক সময়ে এলো, যখন বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চেয়ে সে বিষয়ে ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন।
তবে তার আহ্বানের প্রতিক্রিয়ায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার এভাবে ফেরার সুযোগ নেই। তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিতে হবে ভারতকে।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্ক নাজুক হয়ে পড়েছিল। দ্বিপক্ষীয় সেই সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
ভারতের রাজনীতিকরা তখন থেকে বাংলাদেশে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে আসছেন। অন্তর্বর্তী সরকার আমলে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হচ্ছিল, বাংলাদেশ নিয়ে ভারতের সংবাদমাধ্যমে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ হচ্ছে।




