দিল্লিতে ধসে পড়ল ৬ তলা ভবন, আটকা বহু শিক্ষার্থী

ছবি- টিওআই
ভারত দিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। রবিবার দুপুরে মোতিবাগ এলাকার এ ঘটনায় ভবনটির ভেতরে থাকা বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এএনআইয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ভবনটির ভেতরে একাধিক শিক্ষার্থী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পুলিশ ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
দিল্লি দমকল সূত্র জানায়, রবিবার দুপুর ১টা ৩৩ মিনিটে ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। চাণক্যপুরীর কাছাকাছি সত্য নিকেতনের শিবমন্দিরের পাশে ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রথমে পাঁচটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উদ্ধারকাজে আরও দমকলকর্মী ও সরঞ্জাম পাঠানো হয়।
সত্য নিকেতন দিল্লির অন্যতম শিক্ষার্থী আবাসিক এলাকা হিসেবে পরিচিত। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে থাকেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধসে পড়া ভবনটিতেও শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা ছিল।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী থাকতে পারেন। তবে এ সংখ্যা এখনো সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
উদ্ধার অভিযান চলার সময় ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারাও। দমকল ও বিপর্যয় মোকাবিলা কর্মীদের সঙ্গে তারাও ধ্বংসস্তূপ সরানোর কাজে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত অন্তত দুজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে বিজেপির বিধায়ক অনিল শর্মা বলেছেন, সত্য নিকেতনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা থাকেন। ভবন ধসের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি নিশ্চিত হওয়া যাবে না।






