স্ত্রীকে হত্যা করে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখানোর অভিযোগ

সংগৃহীত ছবি
পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে সেই দৃশ্য শ্বশুরবাড়ির লোকজনকে ভিডিও কলে দেখানোর অভিযোগ উঠেছে ভারতের কর্ণাটকের এক যুবকের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বাগালকোট জেলার গালাগালি গ্রামে।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর নাম ভাগ্যশ্রী জিগালুর এবং অভিযুক্ত প্রবীণ জিগালুর তার স্বামী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক টানাপোড়েন চলছিল। সম্পর্কের টানাপোড়েন সহ্য করতে না পেরে প্রায় দুই মাস আগে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন ভাগ্যশ্রী। সম্প্রতি আর কোনো অশান্তি করবেন না— এমন আশ্বাস দিয়ে স্ত্রীকে পুনরায় ঘরে ফিরিয়ে আনেন প্রবীণ।
অভিযোগ, বাড়ি ফেরার পরপরই পুনরায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রবীণ কাঠের গুঁড়ি দিয়ে ভাগ্যশ্রীকে বেদম মারধর করেন এবং পরে তার গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেন।
নৃশংসতার এখানেই শেষ নয়; স্ত্রী যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন, প্রবীণ সেই দৃশ্য নিজের ফোনে রেকর্ড করার পাশাপাশি শ্বশুরবাড়িতে ভিডিও কল করে ভাগ্যশ্রীর বাবা-মাকে মেয়ের পরিণতি দেখতে বাধ্য করেন। পরবর্তীতে সেই নৃশংস ভিডিওটি বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে বিলাগী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অভিযুক্ত প্রবীণ জিগালুরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে এবং অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তথ্যসূত্র: এনডিটিভি




