ভারতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে ‘বয়কটের’ ডাক
- সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে স্মারকলিপি
- ৪৫০ শিক্ষার্থীর স্বাক্ষর

সংগৃহীত ছবি
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে সমাবর্তনের প্রধান অতিথি করার সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছেন হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অব লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ (নালসার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তাদের দাবি, প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে উপাচার্য, রেজিস্ট্রার, অধ্যাপক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছেন তারা।
জানা গেছে, গত ২৩ জুলাই স্নাতক ব্যাচের প্রায় ৪৫০ শিক্ষার্থী ওই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। সেখানে আসন্ন সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তবে সমাবর্তনের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
নালসারে প্রধান বিচারপতিকে সমাবর্তনের প্রধান অতিথি করার একটি প্রচলিত রীতি রয়েছে। তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় প্রধান বিচারপতির মন্তব্য ও ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বিশেষ করে গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে ‘কক্রোচ জনতা পার্টি’ বা সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এবং তা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি তাদের আপত্তির অন্যতম কারণ।
ওই আন্দোলনে পরীক্ষাব্যবস্থার সংস্কার এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠেছিল। ২২ জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে জরুরি শুনানির আবেদন প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে ওঠে।
তবে আদালত তাৎক্ষণিকভাবে আবেদনটি গ্রহণ করেনি। ভিডিও দেখানোর প্রসঙ্গে প্রধান বিচারপতি ‘আদালতের সময় নষ্ট না করার’ কথা বলেছেন। পরে তার এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়।
শিক্ষার্থীদের আপত্তির আরেকটি কারণ গত মে মাসের একটি শুনানিতে প্রধান বিচারপতির করা ‘কক্রোচ’ মন্তব্য। ওই মন্তব্যকে কেন্দ্র করেই পরে ছাত্র অভিজিৎ দীপক ‘কক্রোচ জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক আন্দোলন শুরু করেন। অবশ্য পরবর্তী সময়ে প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেছেন, তার মন্তব্য সাধারণ যুবসমাজকে উদ্দেশ করে ছিল না।
তবে নালসারের শিক্ষার্থীদের আপত্তি শুধু এসব মন্তব্য কিংবা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আচরণে সীমাবদ্ধ নয়। তাদের বক্তব্য, সাম্প্রতিক সময়ে প্রধান বিচারপতির একাধিক রায় ও মন্তব্যকে কেন্দ্র করে গণতন্ত্র, সংবিধান ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।
আইন নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের কাছে সমাবর্তন শুধু ডিগ্রি গ্রহণের আনুষ্ঠানিকতা নয়। তাদের মতে, এই অনুষ্ঠান সংবিধান, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের মূল্যবোধেরও প্রতিফলন। তাই সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটিও তাদের কাছে গুরুত্বপূর্ণ।
এই কারণেই প্রধান বিচারপতি সূর্য কান্তকে সমাবর্তনের প্রধান অতিথি করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নালসারের শিক্ষার্থীরা।




