ফেসবুকে মোদিকে ‘অপমানজনকভাবে’ উপস্থাপন, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

ছবি: রয়টার্স
ফেসবুক প্ল্যাটফর্মে প্রকাশিত একাধিক ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অপমানজনকভাবে’ উপস্থাপন করার অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদের পুলিশ। শুক্রবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন এ তথ্য।
হায়দরাবাদের সাইবার অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার ভি আরাভিন্দ বাবু জানিয়েছেন, এ মামলার বিষয়ে মেটা প্ল্যাটফর্মকে নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তবে শুক্রবার পর্যন্ত সেই নোটিস জারি করা হয়নি।
প্রধানমন্ত্রী মোদিকে ঘিরে প্রকাশিত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে মেটা এবং মোদি সরকারের মধ্যে চলমান একাধিক উত্তেজনার সর্বশেষ ঘটনা এটি। গত সপ্তাহে ফেসবুক সাময়িকভাবে মোদির একটি পোস্টে বিধিনিষেধ আরোপ করার পর এ সপ্তাহে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার কর্মকর্তাদের তলব করে। সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে মেটার ব্যাখ্যা চায় সরকার।
সেসময় মেটার এক মুখপাত্র জানিয়েছিলেন, পোস্টটি অনিচ্ছাকৃতভাবে অবরুদ্ধ করা হয়েছিল। এটি ছিল মোদির প্রথম পোস্ট, যেখানে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগে বাধ্য করা ব্যাপক ছাত্র আন্দোলন নিয়ে বক্তব্য দিয়েছিলেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিক্ষোভকারীদের কাছ থেকে মোদিকে নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা, ব্যঙ্গ এবং বিদ্রূপও দেখা গেছে।
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত ফেসবুকের সবচেয়ে বড় বাজার।






