তুরস্কে আবারো বন্দুকধারীর হামলা, নিহত ৪

সংগৃহীত ছবি
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর মারসিনের কাছে আজ সোমবার এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
ডিএইচএ সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাকারী একটি রেস্তোরাঁর ভেতরে গুলি চালালে অন্তত দুজন নিহত হন। পরে আরও দুজন অন্য স্থানে নিহত হন। একটি গাড়িতে করে পালিয়ে যায় হামলাকারী।
মারসিন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে তারসুস এলাকার উত্তরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে, যেখানে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ডিএইচএ আরও জানিয়েছে, হামলাকারী ১৭ বছর বয়সী এক কিশোর এবং একটি শটগান ছিল তার কাছে।
এক মাস আগে কিশোরদের চালানো দুটি বন্দুক হামলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল তুরস্কে।
প্রথম ঘটনায় ১৬ জন আহত হয়, আর দ্বিতীয় হামলায় ১০ জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিল স্কুলপড়ুয়া শিশু।






