আমি বোধহয় আর জীবিত ফিরব না
- বিচারপতিদের কাছে খোলা চিঠি, ইমরান খানের চিকিৎসার আকুতি

গ্রাফিকস: আগামীর সময়
নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার আবেদন জানিয়েছেন পাকিস্তানের কারাবন্দি নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের কাছে আবেগঘন এক খোলা চিঠিতে এ আবেদন জানিয়েছেন তিনি। তুলে ধরেছেন নিজের বন্দিদশার চিত্রও। ‘আমি বোধহয় আর জীবিত ফিরব না’ শিরোনামে আবেগঘন সে চিঠিটি প্রকাশ করেছে ডন।
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বরের সাক্ষাতের সময় ইমরান তাকে ‘বিচারপতিদের কাছে তার বক্তব্য পৌঁছে দিতে’ নির্দেশ দিয়েছিলেন। চিঠির শুরুতেই তিনি বলেছেন, ‘আমি তার নির্দেশনা অনুযায়ী বিশ্বস্ততার সঙ্গে শুধু এ দায়িত্বই পালন করেছি। পরের কথাগুলো তারই (ইমরানের)।’ চিঠিতে স্বাক্ষরও রয়েছে সাফদারের।
মহামান্য বিচারপতিরা সম্বোধনে লেখা চিঠিতে নিজের ও স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কথা বিস্তারিত তুলে ধরেছেন ইমরান। আদালতের কাছে তাদের চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
ইমরান খান বলেছেন, ‘আমি জীবনের বড় একটি সময় হাসপাতাল নির্মাণে ব্যয় করেছি, যাতে যাদের চিকিৎসার খরচ বহনের সামর্থ্য নেই, তারা বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। আজ আমি শুধু আমার ও আমার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি।’ তিনি বলেছেন, ‘একটি নির্জন কারাকক্ষ থেকে চিঠি লিখছি। কারণ, এখন এ দেয়াল পেরিয়ে আমার কণ্ঠস্বর বাইরে পৌঁছানোর একমাত্র উপায় এটিই।’
ইমরান বললেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কিংবা কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে লিখছি না। আমি আমার জীবন পাকিস্তানের জন্য উৎসর্গ করেছি। ক্রিকেট মাঠে, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে এবং দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আমি জাতির সেবা করেছি। ৭০ বছর বয়স পর্যন্ত আমার বিরুদ্ধে একটিও ফৌজদারি মামলা ছিল না।’
তার ভাষ্য, ‘এরপর ৭০ বছর বয়স পেরোনোর পর শুরু হয় রাজনৈতিক প্রতিহিংসার এক নজিরবিহীন ও নির্মম অভিযান। একের পর এক মামলা, আদালতে শতাধিক হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং হত্যাচেষ্টার শিকার হয়েছি। আল্লাহর রহমতে সেই হামলা থেকে বেঁচে গেছি। এসবের মধ্যেও আমি আইনের পথ বেছে নিয়েছি। আমার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। অথচ আমার পরিবার বা আইনজীবীকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই স্ত্রীর সঙ্গে তার সাপ্তাহিক সাক্ষাৎ বন্ধ রেখেছে কারা কর্তৃপক্ষ। বোনদের আটক রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম ও সুলাইমানকেও ফোন করার সুযোগ দেওয়া হয়নি। কারাগারে কেউ আমার কথার জবাব দিতে বা আমার সঙ্গে কথা বলতে পারে না। আমি সালাম দিলেও না, পবিত্র কোরআনের কোনো আয়াত তিলাওয়াত করলেও না।’ এসবের পরও নিজের চেয়ে বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি।
সাবেক এ প্রধানমন্ত্রী জানালেন, চলতি মাসে তার সঙ্গে দেখা করার সময় দেখেছেন, তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। আরেকটি অস্ত্রোপচার না করালে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। তার চিকিৎসার নথিপত্র আটকে রাখা হয়েছে, চিকিৎসকদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। নারীদের বন্দিত্বের ক্ষেত্রে আইনের সহানুভূতিশীল বিধান থাকা সত্ত্বেও তার সাজা স্থগিতের আবেদনও শুনানি ছাড়াই পড়ে আছে।



