সমালোচনার মুখে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান নির্বাহী

ফ্রান্সের প্রধান প্রতীক আইফেল টাওয়ার
ফ্রান্সের প্রধান প্রতীক আইফেল টাওয়ারের পরিচালনায় নীতিগত ত্রুটি নিয়ে উঠেছে দেশব্যাপি সমালোচনার ঝড়। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত দায় স্বীকার করে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন আইফেল টাওয়ার পরিচালনাকারি সংস্থার প্রধান নির্বাহী (সিইও) প্যাট্রিক ব্রাঙ্কো রুইভোভো। চলতি বছরের শেষ নাগাদ তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন।
সাম্প্রতিক একটি হিন্দু ধর্মীয় প্রতিনিধি দলের টাওয়ার সফরকে কেন্দ্র করে এই নজিরবিহীন কেলেঙ্কারির সূত্রপাত হয়। অভিযোগ উঠেছিল, ওই ভিআইপি দলটির আবদার রক্ষার্থে টাওয়ারের কর্মররত নারী কর্মীদের নির্দিষ্ট কিছু এলাকা থেকে সরিয়ে আড়ালে রাখা হয়েছিল এবং তাদের জায়গায় পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফ্রান্সের প্রজাতন্ত্রের মূল নীতি ও সমতার আদর্শের পরিপন্থী হওয়ায় এই ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভ ও শ্রমিক অসন্তোষের জন্ম দেয়। যার জেরে আইফেল টাওয়ারে ধর্মঘটও পালিত হয়েছিল।
পরবর্তীতে প্যারিস সিটি করপোরেশন ও পরিচালনা পর্ষদের অভ্যন্তরীণ তদন্তে এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য ও অপারেশনাল ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করা হয়। ফরাসি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ফ্রান্সের জাতীয় প্রতীকের ব্যবস্থাপনায় সমতা ও প্রজাতন্ত্রের মূল্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর লিঙ্গ সমতা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।



