নিউ ইয়র্কে ‘কুকুর মেয়র’

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ‘কুকুর মেয়র’ নির্বাচিত হয়েছে। তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে আসা চার বছর বয়সী কুকুর ‘মাচকা’ এই পদ পেয়েছে। হাজারো নিউ ইয়র্কবাসীর সমর্থনে সে শহরটির তৃতীয় ‘কুকুর মেয়র’ নির্বাচিত হয়েছে। তিন পা নিয়ে চলাফেরা করা আনাতোলিয়ান শেফার্ড প্রজাতির এই কুকুরটির বাড়ি কুইন্সের সানি সাইড এলাকায়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম কুইন্স ডেইলি ঈগলে গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে অনলাইনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয় মাচকা। নিউ ইয়র্কের কুইন্স এলাকাটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের আবাসস্থল হিসেবে পরিচিত। মাচকাও তুরস্ক থেকে অভিবাসী হয়ে এই এলাকায় এসেছে। বর্তমানে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানীরও বসবাস এই কুইন্সে। তবে ‘কুকুর মেয়র’ হিসেবে মাচকা কোনো বেতন বা সরকারি সুযোগ-সুবিধা পাবে না। তার মালিক ও নির্বাচনী প্রচার ব্যবস্থাপক কাইলিন বাটন প্রাণীদের প্রতি মানুষের সহানুভূতি বাড়াতে এই উদ্যোগ নিয়েছেন। মাচকাকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন। মানুষের কাছে ভোট চেয়েছেন। শেষ পর্যন্ত হাজারো মানুষের সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছে কুকুরটি।
তুরস্কের রাস্তায় জন্ম মাচকার। ছোটবেলায় গাড়ির ধাক্কায় তার একটি পা হারিয়ে যায়। পরে তুরস্কের এক নারী তাকে আশ্রয় দেন। মাচকার মালিক ও নির্বাচনী প্রচার ব্যবস্থাপক কাইলিন বাটন জানিয়েছেন, জীবনের এই কঠিন অভিজ্ঞতাই ‘কুকুর মেয়র’ নির্বাচনে মাচকার প্রচারের লক্ষ্য ঠিক করতে বড় ভূমিকা রেখেছে।



