চীনের হাত ধরে বৈদ্যুতিক বিমানের যুগে বিশ্ব
- তেল নয় , বিদ্যুতে চলবে নতুন যাত্রীবাহী বিমান
- একবারে ৪০০ কিলোমিটার উড়ার সক্ষমতার দাবি
- ১৯ যাত্রী, ঘণ্টায় গতি ৩০০ কিলোমিটার
- সফল প্রথম মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন

সংগৃহীত ছবি
আকাশে ওড়ার স্বপ্ন একদিন মানুষকে দিয়েছিল ডানা। সেই ডানাকে গতিশীল করেছে জ্বালানি তেল। কিন্তু তেলের আগুনেই উষ্ণ হচ্ছে পৃথিবী। এবার সেই পরিচিত পথ থেকে বেরিয়ে নতুন সম্ভাবনার আভাস দিল চীন। জ্বালানি তেল ছাড়াই বিশ্বে প্রথম বারের মত বৈদ্যুতিক শক্তিতে উড়ল দেশটির তৈরি যাত্রীবাহী বিমান। ছোট্ট একটি পরীক্ষামূলক উড্ডয়ন। কিন্তু এর পেছনে বড় প্রশ্ন। ভবিষ্যতের আকাশ কি একদিন জীবাশ্ম জ্বালানিমুক্ত হবে?
রবিবার (১৫ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে সিসিটিভি জানিয়েছে, শনিবার (১৪ নভেম্বর) দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে সফলভাবে বিদ্যুৎচালিত প্রথম মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে সিই-২৫এ নামের বিমানটি।
উড্ডয়নের সময় বিমানে ছিলেন দুই বৈমানিক ও একজন পরীক্ষামূলক উড্ডয়ন প্রকৌশলী। বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে থেকে ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। নির্মাতা প্রতিষ্ঠান কম্যাক জানিয়েছে, উড্ডয়নের সময় বিমানটির কার্যক্রম স্বাভাবিক ছিল। পরীক্ষার সব সূচক প্রত্যাশা পূরণ করেছে।
আন্তনগর যাতায়াতের জন্য তৈরি বিমানটিতে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। নির্মাতার ঘোষিত সক্ষমতা অনুযায়ী, সর্বোচ্চ ১০ টন ওজন নিয়ে উড়তে পারবে এটি। ঘণ্টায় গতি ৩০০ কিলোমিটার। সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা দুই হাজার ৪০০ মিটার এবং সম্ভাব্য পাল্লা ৪০০ কিলোমিটার। তবে পরীক্ষামূলক উড্ডয়নে পুরো পাল্লা যাচাই হয়নি।
প্রচলিত বিমানের মতো জ্বালানি পুড়িয়ে ইঞ্জিন চালানোর পরিবর্তে এটির দুই ডানায় রয়েছে দশটি বিদ্যুৎচালিত পাখা। ব্যাটারির শক্তিতে সেগুলো ঘোরে। এতে উড়ন্ত অবস্থায় সরাসরি কার্বন নিঃসরণ হয় না। শব্দও তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
চীনের বিমান নির্মাতা কম্যাক, ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিএটিএল এবং সাংহাই জিয়াও থং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি সংস্থা যৌথভাবে বিমানটি তৈরি করেছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথম চালকবিহীন উড্ডয়নের পর ১৯টি মানববিহীন পরীক্ষা চালানো হয়।
বৈদ্যুতিক বিমান নিয়ে চীনের চেষ্টা নতুন নয়। এর আগে চার আসনের আরএক্স৪ই বিমান উড়েছে। সেটি ২০২৪ সালের শেষে চীনা নিয়ন্ত্রক সংস্থার নকশাগত অনুমোদনও পেয়েছে।
তবে নতুন বিমানটি এখনই যাত্রী নিয়ে নিয়মিত চলবে না। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর অনুমোদনের আবেদন গ্রহণ করেছে। নিরাপত্তা পরীক্ষা ও প্রয়োজনীয় সনদ পাওয়ার পরই বাণিজ্যিক উড্ডয়ন সম্ভব।
বিশ্ব জুড়ে উড়োজাহাজ চলাচল এখনো মূলত পেট্রোলিয়ামনির্ভর জ্বালানি ব্যবহার করে। দীর্ঘপথে বড় যাত্রীবাহী বিমান চালাতে যে বিপুল শক্তি প্রয়োজন, বর্তমান ব্যাটারিতে তা সংরক্ষণ করা কঠিন। তাই প্রথমে স্বল্প দূরত্বের উড়ানেই বিদ্যুতের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে।
ব্যাটারির ওজন, সীমিত পাল্লা এবং বিদ্যুৎ উৎপাদনের উৎস এখনো বড় চ্যালেঞ্জ। তাই এই সাফল্যকে সব উড়োজাহাজ থেকে জীবাশ্ম জ্বালানি বিদায়ের ঘোষণা বলা যায় না।
তবু শানডংয়ের আকাশে ওই সংক্ষিপ্ত উড্ডয়ন নতুন সম্ভাবনা দেখিয়েছে। মানুষ একদিন আগুনের শক্তিতে আকাশ জয় করেছিল। এবার কি বিদ্যুতের ডানাতেই খুঁজে পাবে দূষণমুক্ত উড়ানের পথ?




