মেয়ের বিয়েতে কেউ ভাবলেন ভাই, কেউ প্রেমিক: বাবার তারুণ্যদীপ্ত চেহারা ভাইরাল

কনের সঙ্গে ৪১ বছর বয়সী পিতা। ছবি / সংগৃহীত
মেয়ের বিয়েতে বাবার উপস্থিতি নতুন কিছু নয়। তবে চীনের ২১ বছর বয়সী এক তরুণীর বিয়েতে তার ৪১ বছর বয়সী বাবাকে দেখে অনেকেই ভাইবোন ভেবে ভুল করেছেন। বাবার তারুণ্যদীপ্ত চেহারা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
গত ২৮ আগস্ট চীনের গুয়াংডং প্রদেশের চাওঝৌ শহরে মেয়ের বিয়েতে হাজির হন ঝেং পারিবারিক নামের ওই ব্যক্তি। লাল টি-শার্ট ও কালো প্যান্ট পরা ঝেংয়ের লম্বা গড়ন এবং তরুণদের মতো চেহারা অতিথিদের নজর কাড়ে।
বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।
চীনা সংবাদমাধ্যম হাইবাও নিউজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ঝেংয়ের জন্ম ১৯৮৬ সালে। তার মেয়ের জন্ম ২০০৫ সালে। অর্থাৎ বাবা-মেয়ের বয়সের ব্যবধান মাত্র ২০ বছর।
ঝেং জানিয়েছেন, মেয়ের সঙ্গে বাইরে বের হলে অপরিচিত ব্যক্তিরা প্রায়ই তাদের ভাইবোন মনে করেন। কখনো কখনো প্রেমিক-প্রেমিকাও ভেবে বসেন। এমন ভুল বোঝাবুঝি তার কাছে নতুন নয়। এমনকি মেয়ের স্বামীও প্রথমবার তাকে দেখে অবাক হয়েছিলেন।
প্রথম পরিচয়ে তিনি বুঝতে পারেননি, ঝেংই তার হবু স্ত্রীর বাবা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ঝেংয়ের চেহারা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার বয়স ও মেয়ের বয়সের ব্যবধান নিয়েও আলোচনা চলছে। কীভাবে তিনি তারুণ্য ধরে রেখেছেন, তা জানতেও আগ্রহ দেখিয়েছেন অনেকে।
এ বিষয়ে ঝেং নিজের দৈনন্দিন অভ্যাসের কথা জানিয়েছেন। তার ভাষ্য, শান্ত থাকা, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যাডমিন্টন খেলাই তার জীবনযাপনের অংশ। তারুণ্য ধরে রাখার জন্য বিশেষ কোনো কৌশলের কথা তিনি বলেননি।
গত ২৯ আগস্ট চীনের একাধিক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি উঠে আসে।
সূত্র : হাইবাও নিউজ




