ভেনেজুয়েলায় ভূমিকম্পের এক মাস

ফাইল ছবি
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানে শক্তিশালী জোড়া ভূমিকম্প। এক মাস পেরিয়ে গেলেও দেশটির বিভিন্ন শহর এখনো নিস্তেজ। চারদিকে ইট, পাথর, রডের ধ্বংসস্তূপ। প্রিয়জনদের খোঁজে স্বজনদের আর্তনাদে ভারী ভেনেজুয়েলার বাতাস। এতদিন পেরিয়ে গেলেও অনেকে স্বজনদের ধ্বংসস্তূপে খুঁজতে ছুটে বেড়াচ্ছেন দিগ্বিদিক। অধিকাংশ স্বজনদের ক্ষেত্রে, হৃদয়বিদারক শোকের পাশাপাশি কর্তৃপক্ষের প্রতি গভীর ও ক্রমবর্ধমান ক্ষোভ বেড়ে চলেছে।
ভেনেজুয়েলার কারাবায়েদা শহরের বাসিন্দা ভিক্টর কালদেরন। পেশায় জেলে কালদেরন ভূমিকম্প আঘাতের দিন ছিলেন মধ্যসাগরে। রেডিওর মাধ্যমে তিনি জানতে পারেন, তিনি ও তার পরিবার যে ভবনটিতে থাকতেন, ভূমিকম্পে সেটি ধসে পড়েছে। তিনি যখন তীরে ফিরে এলেন, তখন তার মেয়ে এবং নাতনি ছাড়া কাউকে খুঁজে পাননি। তবে কালদেরন এক নন, যিনি স্বজনদের খুঁজছেন। দেশটির সরকার নিখোঁজদের সংখ্যা ঘোষণা করেনি, তবে এ সংখ্যাটি কয়েক হাজার থেকে শুরু করে ১০ হাজার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছেন প্রায় ১৭ হাজার।




