কঙ্গোতে ইবোলা চিকিৎসার ট্রায়াল শুরু

ছবি: রয়টার্স
মরণঘাতী ইবোলা ভাইরাসের চিকিৎসার ট্রায়াল শুরু হয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে এ তথ্য। খবর বিবিসির।
ডাব্লিউএইচও জানায়, ইবোলা ভাইরাসে বিপর্যস্ত ডিআরসিতে প্রথম রোগীকে চিকিৎসার ট্রায়ালের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ৩০ জুন দেশটিতে ইবোলা ভাইরাসে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় মারা গেছেন ৪৩৮ জন। তবে এখন পর্যন্ত অত্যন্ত সংক্রামক এই রোগের অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই।
বর্তমান গবেষণাটি পৃষ্ঠপোষণ করছে ডাব্লিউএইচও এবং এটি সমন্বয় করছেন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ইনস্টিটিউট ন্যাশনাল ডি রিসার্চ বায়োমেডিক্যাল, বেলজিয়ামের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
বৃহস্পতিবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস সাংবাদিকদের বলেছেন, ‘প্রথম রোগীর তালিকাভুক্তির মাধ্যমে দুটি চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।’
‘অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ছাড়াই মানুষ এই রোগ থেকে সেরে উঠছে, কিন্তু আমাদের হাতে নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি থাকলে আমরা অবশ্যই আরও অনেক জীবন বাঁচাতে পারতাম’, যোগ করেন তিনি।




