চীন সফর নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ ট্রাম্পের

ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ফোনালাপ করেছেন। এ সময় তারা যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠকের ফলাফল নিয়ে আলোচনা করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস।
ব্লু হাউস জানায়, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের ফলাফল লিকে জানান। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক, অর্থনীতি ও বাণিজ্যসংক্রান্ত চুক্তি, কোরীয় উপদ্বীপের বিষয়াবলি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।
বিবৃতিতে বলা হয়, কোরীয় উপদ্বীপসংক্রান্ত বিষয়ে ট্রাম্প ও শির মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
ব্লু হাউসের তথ্য অনুযায়ী, ট্রাম্প লিকে বলেন যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবেন তিনি।
লি ট্রাম্পকে বলেছেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের স্থিতিশীল ব্যবস্থাপনা অঞ্চল ও বিশ্বের শান্তি এবং সমৃদ্ধিতে অবদান রাখবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার আশা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, গত বছর সই হওয়া দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।




