নোবেল পুরস্কারের প্রাইজমানি বাড়ল
রয়টার্স

ছবি: রয়টার্স
মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের অর্থমূল্য (প্রাইজমানি) বাড়ানো হবে ৯ শতাংশ। ফলে ছয়টি বিভাগেই প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হবে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১৫ কোটি টাকা)। সুইডেনের নোবেল ফাউন্ডেশন শুক্রবার জানিয়েছে, এ বছর থেকেই এই বর্ধিত অর্থ পাবেন বিজয়ীরা।
নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হান্না স্টিয়ারনে এক বিবৃতিতে বললেন, ‘পুরস্কারের অর্থমূল্য বাড়ানোর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে নোবেল পুরস্কারের গুরুত্ব ধরে রাখছি। একই সঙ্গে সময়ের সঙ্গে পুরস্কারের আর্থিক মূল্য যাতে বজায় থাকে, সেটিও নিশ্চিত করছি।’
সুইডিশ ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইলে প্রতিষ্ঠিত হয় নোবেল পুরস্কার। ১৯ শতকের এই ব্যবসায়ী ডিনামাইটের আবিষ্কারক। নোবেল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৯০১ সালে প্রথমবার পুরস্কার দেওয়ার সময় প্রতিটি বিভাগের অর্থমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮২ ক্রোনা (প্রায় ১৯ লাখ টাকা)।




