থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটের ভবনে আগুন, নিহত অন্তত ১১

থাইল্যান্ডের ফুকেটের পাতং সৈকতে টাইগার পাব-এ আগুন। ফাইল ছবি / রয়টার্স
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আজ সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পর্যটনকেন্দ্র পাতংয়ে স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একটি রেস্তোরাঁ, ভাড়ায় থাকার ব্যবস্থা এবং মোটরসাইকেল ভাড়ার দোকান ছিল। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ে।
ফুকেট পুলিশের প্রধান সুরাচাই সুকসাই জানিয়েছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আগুন লাগার কিছুক্ষণ আগে ভবনটির কাছের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। ফলে অগ্নিসংযোগের আশঙ্কা নাকচ করা হয়েছে।
ফুকেটের গভর্নর চোদনারিন কোয়েডসম জানিয়েছেন, মোটরসাইকেল ভাড়ার দোকানটিতে প্রায় ১০০টি মোটরসাইকেল ছিল। সেখানে গ্যাস, ইঞ্জিনের তেল, প্লাস্টিকের সামগ্রী ও টায়ারও মজুদ ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ঘন বিষাক্ত ধোঁয়া তৈরি হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত বা আহতদের মধ্যে কোনো পর্যটক নেই। ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ভাঙা কাচের আঘাত নিয়ে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
থাইল্যান্ডে বিশেষ করে বার ও নৈশক্লাবের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। গত জুলাইয়ে রাজধানী ব্যাংককের একটি জনাকীর্ণ বারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ৪০ জন নিহত হন।
এ ছাড়া ২০১২ সালে ফুকেটের পর্যটকদের কাছে জনপ্রিয় একটি নৈশক্লাবে আগুন লেগে চারজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছিলেন। ২০০৯ সালে নববর্ষ উদ্যাপনের সময় ব্যাংককের একটি ক্লাবে আগুনে ৬৭ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন।
সূত্র : আলজাজিরা




