আর ৬০০ মিলিয়ন ডলার হলেই ফের ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক

ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আবারও ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৯৯৯ দশমিক ৪ বিলিয়ন ডলার। ফলে ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হতে তার প্রয়োজন আর মাত্র ৬০০ মিলিয়ন ডলার।
ট্রিলিয়ন ডলারের সম্পদের মাইলফলক স্পর্শ করতে পারলে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে আবারও এই কৃতিত্ব অর্জন করবেন মাস্ক।
আজ মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকায় দেখা যায়, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সআই এবং এক্সে (সাবেক টুইটার) তার মালিকানার মূল্য বৃদ্ধির কারণে দ্রুত বেড়েছে মাস্কের সম্পদ।
বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে টেসলার শেয়ারের দাম বা স্পেসএক্সের মূল্যায়নে সামান্য বৃদ্ধি পেলেই মাস্কের মোট সম্পদ অতিক্রম করতে পারে ১ ট্রিলিয়ন ডলারের সীমা।
ফোর্বসের রিয়েল-টাইম তালিকায় সম্পদের হিসাব প্রতিনিয়ত শেয়ারমূল্য ও বিভিন্ন সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে পরিবর্তিত হয়। ফলে বাজারের ওঠানামার সঙ্গে বাড়তে বা কমতে পারে মাস্কের সম্পদের পরিমাণও।
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বর্তমানে শীর্ষ অবস্থানেই রয়েছেন ইলন মাস্ক। তার পরেই রয়েছেন ল্যারি পেজ। তার সম্পদের পরিমাণ ২৫৭ বিলিয়ন ডলার।
২০১৯ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ান ল্যারি পেজ। তবে এখনও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য এবং নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন তিনি।





