হরমুজ প্রণালি
যৌথ সেবা ফি আরোপে ইরান-ওমানের আলোচনা, আপত্তিতে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের ওপর যৌথভাবে সেবা ফি আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান। তবে এ উদ্যোগের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে ইরানের এক কর্মকর্তা এবং চার কূটনীতিকের বরাতে বলা হয়েছে, চলতি মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা অনুযায়ী ৬০ দিনের আলোচনাকালে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো ধরনের ফি নেওয়া হবে না। তবে একই সমঝোতায় ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ইরান ও ওমানকে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধ-পরবর্তী নতুন ব্যবস্থায় হরমুজ প্রণালি ব্যবহারের জন্য জাহাজ থেকে সেবা ফি আদায়ের বিষয়টি রয়েছে বিবেচনায়। ওমান চায় এ ফি স্বেচ্ছাভিত্তিক হোক। অন্যদিকে ইরানের অবস্থান, এটি বাধ্যতামূলক হওয়া উচিত।
এদিকে গত মাসে এ পরিকল্পনার কড়া বিরোধিতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রণালিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ এর নিয়ন্ত্রণ নেবে না। এটি আন্তর্জাতিক জলসীমা।’
ওমান যদি ইরানের সঙ্গে মিলে জাহাজ চলাচলে ফি আরোপে সম্মত হয়, সে বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘ওমান অন্য সবার মতোই আচরণ করবে। না হলে আমাদের তাদের ওপর হামলা চালাতে হবে।’
ট্রাম্পের এ বক্তব্যের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। একই সঙ্গে ওমানকে ইরানের ফি আরোপের প্রস্তাবের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিতে ওয়াশিংটন অনুরোধ জানালেও তাতে দেশটি সাড়া দেয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।




