মধ্যপ্রাচ্যে আবারও ক্ষেপণাস্ত্রের লড়াই, বাড়ল তেলের দাম

ছবি: রয়টার্স
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। যার প্রভাবে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
আজ সোমবার সকাল দশটার সময় ব্রেন্ট ক্রুড তেলের দাম চার শতাংশ বেড়ে ৭৯ ডলার ছাড়িয়েছে।
এর আগে দুই দেশের মধ্যে সমঝোতা হওয়ায় গত কয়েক সপ্তাহ তেলের দাম নেমে এসেছিল যুদ্ধপূর্ববর্তী অবস্থায়। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার জানাজার সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যেই দুই দেশ আবার সংঘাতে জড়িয়ে পড়ে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ইতি ঘোষণা করে ইরানে হামলার নির্দেশ দেন। আক্রান্ত ইরানও পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে।
হামলা-পাল্টা হামলার মধ্যে নানা মাধ্যমে দেশ দুটির কর্মকর্তারা আলোচনা চালিয়ে গেলেও যুদ্ধ বন্ধ নিয়ে তারা একমত হতে পারছেন না। বিরোধের কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালি। গুরুত্বপূর্ণ এ জলপথে সংকটের কারণেই মূলত বাড়ছে তেলের দাম।
এদিকে ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। চার শতাংশ বেড়ে এই তেলের দাম গিয়েছে দাঁড়িয়েছে ৭৪.৩১ ডলারে।
ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই তেলের দাম বাড়তে থাকে। হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় দ্রুত সময়ের মধ্যে অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে যায় ১০০ ডলার। এরপর বহুদিন জ্বালানি তেলের দাম ১০০ ডলারের নিচে নামেনি।
মধ্যপ্রাচ্যে লড়াই কিছুটা থামার পর ধীরে ধীরে দাম কমতে থাকে তেলের। যা সম্প্রতি যুদ্ধপূর্ববর্তী অবস্থায় নেমে আসে। কিন্তু যুদ্ধ ফের শুরু হওয়ায় তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী।





