মাদক মামলার ভারে ভারী দেশের আদালত। বছরের পর বছর ধরে জমতে থাকা বিচারাধীন মামলার সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার লাখ। একটি মামলা চলছে ২২ বছর ধরে, সাক্ষী হাজির না হওয়ায় বছরের পর বছর থমকে আছে বিচার। এমন বাস্তবতায় মাদক মামলার দীর্ঘসূত্রতা কমাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
তবে সংশ্লিষ্টদের আশঙ্কা, শুধু নতুন ট্রাইব্যুনাল গঠন করলেই মামলার পাহাড় সরবে না। নিয়মিত শুনানি, সাক্ষীদের আদালতে হাজির ক...