জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ফাইল ছবি
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ হয়েছে সাক্ষ্যগ্রহণ। এবার মামলাটিতে উপস্থাপন শুরু হবে যুক্তিতর্ক। দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।
আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এরপর ধারাবাহিকভাবে ১৫ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত ১ অক্টোবর এবং তা শেষ হয় গত ১৯ নভেম্বর।
এদিন তাসলিমা জাহান পপি নামের একজন আইনজীবী জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী দেন। বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘মামলায় জিয়াউল আহসানের পক্ষে-বিপক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন।’
যুক্তিতর্কে যা যা করা হয়
মামলার যুক্তিতর্কের সময় আইনজীবীরা আদালতে নিজ নিজ পক্ষের অবস্থান তুলে ধরতে আইন, সাক্ষ্য-প্রমাণ ও আইনি নজির বিশ্লেষণ করেন। এ সময় সাধারণত চারটি বিষয় গুরুত্ব পায়।
আইনের ব্যাখ্যা
মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইন, আইনের ধারা ও বিধিবিধান ব্যাখ্যা করা হয় এবং মামলায় সেগুলোর প্রযোজ্যতা তুলে ধরা হয়।
সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ
সাক্ষীদের জবানবন্দি, জেরায় পাওয়া তথ্য এবং দালিলিক প্রমাণের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা ও সত্যতা বিশ্লেষণ করা হয়।
অসঙ্গতি ও দুর্বলতা তুলে ধরা
প্রতিপক্ষের বক্তব্য ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের অসংগতি, দুর্বলতা এবং ফাঁকফোকর আদালতের নজরে আনা হয়।
আইনি নজির উপস্থাপন
একই ধরনের মামলায় উচ্চ আদালতের আগের রায় ও আইনি নজির তুলে ধরে নিজ নিজ পক্ষের যুক্তির পক্ষে আইনি ভিত্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।





