ট্রাইব্যুনালের গণশুনানি উপজেলা-ইউনিয়ন পর্যায়েও করার দাবি আখতার হোসেনের

ছবি: আগামীর সময়
আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারির শিকার মানুষের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শনিবার বিকালে খুলনা নগরীর ডাকবাংলো চত্বরে এনসিপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
আখতার হোসেন বললেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারি চালিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব নির্যাতনের শিকার হয়েছেন। এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ রাখলে হবে না। উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এ আয়োজন করতে হবে।
আয়নাঘরে মানুষকে বন্দি করা এবং ভোটাধিকার হরণের মতো অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব জানালেন, জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে তিনি বললেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার ভবিষ্যৎ একটি ফাঁসির দড়িতে ঝুলে নরকে যাওয়া। এর বাইরে শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ নেই।’
আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগ তুলে আখতার হোসেন দাবি করেন, দলটি বর্তমানে রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাচ্ছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ছাড়া দেশে সন্ত্রাস বন্ধের কোনো উপায় নেই।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে নাশকতা চালানোর সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেওয়া হবে না।
আখতার হোসেন বললেন, ফ্যাসিবাদ, দখলদারিত্ব ও দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়তে চায় এনসিপি। এমন বাংলাদেশে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানালেন, দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চান। দেশে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিংবা পুলিশ ও প্রশাসনের ওপর হামলা দেখতে চান না তারা।
খুলনা মহানগর এনসিপির আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।
সমাবেশ শেষে ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।



