এশিয়ান গেমস
দুই দশক পর কাবাডিতে পদকের আশা

সংগৃহীত ছবি
জোড়া জয়ে এশিয়ান গেমসে কুড়ি বছর পর পুরুষ কাবাডিতে পদকের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। সোমবার সকালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর বাংলাদেশ চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালে এক পা রেখেছে বাংলাদেশ। এখনো দুই ম্যাচ বাকি বাংলাদেশের। তবে আগামীকাল অপেক্ষাকৃত দুর্বল জাপানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।
হাংঝুতে গত আসরে চাইনিজ তাইপের কাছে গ্রুপ পর্বে হেরে পদকের আশা শেষ হয়ে গিয়েছিল। এবার সেই হারের প্রতিশোধ মিজানরা নিয়েছেন। তবে পদকের আনুষ্ঠানিকতার জন্য আগামীকাল জাপানকে হারাতেই হবে বাংলাদেশকে।
টোকাই সিটিজেন জিমন্যাসিয়ামে সকাল সাড়ে নয়টায় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাটে নেমেছিল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধে চৌকশ কাবাডি খেলে ৩৯-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই ম্যাচের ৯ ঘন্টা পর বাংলাদেশের খেলতে হয় চাইনিজ তাইপের সঙ্গে। গত এশিয়াডের ব্রোঞ্জজয়ীদের হারানো সহজ হয়নি বাংলাদেশের। যদিও ম্যাচটা কঠিন করে তুলেছিল বাংলাদেশই। প্রথমার্ধে চার পয়েন্টের লিড ছিল বাংলাদেশের। তবে নিজেরাই বারবার ভুল সিদ্ধান্তে তাইপেকে একবার লিডও উপহার দেয় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে ম্যাচে ৪৮-৪৭ পয়েন্টে জিতে নেয় মিজানুর রহমানের দল।
ম্যাচে বাংলাদেশের দুই রেইডার মিজানুর ও জুলফিকার খেলেছেন অসাধারণ। তবে ডিফেন্ডার রোমান হোসেন অহেতুক ডিফেন্ড করতে গিয়ে তাইপেকে একাধিক পয়েন্ট উপহার দিয়েছেন। তারপরও টেকনিক ও অভিজ্ঞতায় তাইপেকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বুনো উদযাপনে মেতে ওঠার সুযোগ পায় বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা।
সর্বশেষ ২০০৬ দোহা গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এরপর থেকে টানা চারটি আসর থেকে শূণ্য হাতে ফেরা বাংলাদেশের সামনে সুযোগ দুই দশকের আক্ষেপ ঘোঁচানোর।



