ভারতের ডোপ কেলেঙ্কারি
এশিয়ান গেমসের আগে ভারী বর্ষণে বিপর্যস্ত নাগোয়া

সংগৃহীত ছবি
এশিয়ান গেমস কড়া নাড়ছে দরজায়। এর আগে ভারী বর্ষণে বিপর্যস্ত জাপানের আয়োজক শহর নাগোয়। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা ক্রীড়াবিদরাও নাজেহাল।
ভারী বর্ষণে দুই শহরের বহু রাস্তা ও বাড়িঘর এখন পানির নিচে। প্রায় ৪০০ ক্রীড়াবিদ নাগোয়ায় পৌঁছেছেন এরই মধ্যে। তাদের থাকার জন্য শিপিং কনটেইনার দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী আবাসন। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু ক্রীড়াবিদকে উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্টেডিয়ামের অবস্থাও তথৈবচ।
জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্য অনুযায়ী, নাগোয়া শহরে মাত্র এক ঘণ্টায় ১০৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রায় ১৩০ বছরের ইতিহাসে এক ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের নজির এটা। মাত্র ১২ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ছুঁয়েছে প্রায় ২১৩ মিলিমিটার। গত মঙ্গলবার থেকেই মধ্যাঞ্চলের একাধিক শহরে পানি ঢুকতে শুরু করে।
প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও বহু বাড়িঘর। সাময়িকভাবে ব্যাহত হয়েছে বাস ও সাবওয়ে পরিসেবাও। তবে হাল ছাড়ছেন না নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া। এশিয়ান গেমস নিয়ে তার আশাবাদ,‘নিরাপদে আছেন খেলোয়াড়রা। মাঠ নিয়ে আমরা চিন্তিত নই। এশিয়ান গেমস শুরু করতে কোনো সমস্যা হবে না।’
এদিকে ডোপ টেস্টে ধরা পড়েছেন ভারতীয় কুস্তিগির দীপক। এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল তার। গ্রেকো-রোমান কুস্তিতে ৬০ কেজি বিভাগে নামার কথা ছিল দীপকের। কিন্তু ২৫ বছর বয়সী কুস্তিগিরের ডোপ পরীক্ষার ফল পজিটিভ আসে। এবারের মতো আর এশিয়ান গেমসে নামা হবে না তার।
দুই দিন আগে আরও দুই ভারতীয় কুস্তিগিরের ডোপ পরীক্ষার ফল পজিটিভ আসে। ফ্রিস্টাইল ৮৬ কেজি বিভাগের মুকুল দাহিয়া এবং গ্রেকো-রোমান ১৩০ কেজি বিভাগের দীপাংশু-দু’জনেই ডোপ করার দায়ে বাদ পড়ে এশিয়ান গেমসে দল থেকে।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছে এই ক্রীড়া সংস্থা। আবারও অভিযোগের কেন্দ্রে তারাই।





