রূপকথার প্রত্যাবর্তন
ইউএস ওপেনের শেষ আটে আলকারাজ

দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ফ্ল্যাশিং মেডোসে নিজের আধিপত্য বজায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের শেষ আটে পা রেখেছেন স্প্যানিশ এই সেনসেশন।
নিউ ইয়র্কের হার্ড কোর্টে গত রবিবার অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের ম্যাচে আমেরিকার ২০তম বাছাই টমি পলের মুখোমুখি হন ২৩ বছর বয়সী আলকারাজ। চোটের কারণে এবছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন মিস করা এই তারকা এদিন দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচটি জিতে নেন ৬-৪, ৬-৩, ৬-৪ সেটে। এই জয়ের ফলে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলোতে তার টানা জয়ের রেকর্ড এখন ১৮ ম্যাচে গিয়ে ঠেকেছে।
ম্যাচ শেষে কোর্টেই নিজের
ফিটনেস ও প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন আলকারাজ। নিজের দুর্দান্ত ফর্মের বিষয়ে এক প্রশ্নের
জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, নিজের সেরা ফর্মেই আছি। ২০২১ সালের
(ইউএস ওপেন অভিষেক) পর থেকে এক বছর বাদ দিলে আমি প্রতিবারই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি।
এটিই প্রমাণ করে যে এই জায়গাটি আমার জন্য কতটা বিশেষ এবং আমি যখনই এখানে আসি, কতটা
ভালো খেলি।’
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার অভিজ্ঞতা নিয়ে আলকারাজ আরও বলেন, ‘চার থেকে সাড়ে চার মাস বাইরে ছিলাম; তাতে কিচ্ছু যায় আসে না। আমি কেবল কোর্টে আমার সময়টা উপভোগ করার চেষ্টা করি। যখনই আমি এখানে আসি, আমার সেরাটাই খেলি।’
ম্যাচে টমি পল তীব্র লড়াইয়ের চেষ্টা করলেও আলকারাজের নিখুঁত শট মেকিং ও দুর্দান্ত ফর্মের সামনে টিকতে পারেননি। দ্বিতীয় সেটের শুরুতে প্রায় অসম্ভব এক কোণ থেকে ১০৩ মাইল গতির ক্রস-কোর্ট ফোরহ্যান্ড উইনার মেরে সবাইকে তাক লাগিয়ে দেন স্প্যানিশ তারকা। তৃতীয় সেটে ৫-৪ গেমে এগিয়ে থেকে যখন ম্যাচ সার্ভ করতে যান, তখন দুটি ব্র্যাক পয়েন্টের মুখে পড়েছিলেন আলকারাজ। তবে স্নায়ুর চাপ ধরে রেখে টানা চার পয়েন্ট জিতে সরাসরি সেটে জয় নিশ্চিত করেন দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন।
আলকারাজের এই কামব্যাক নিয়ে টেনিস কিংবদন্তি টিম হেনম্যান স্কাই স্পোর্টসকে বলেন, ‘আপনি যখন চার সপ্তাহ টেনিস খেলেন না, সেটা নিঃসন্দেহে অনেক দীর্ঘ সময়। আপনার ফর্মেও এর প্রভাব পড়ে। আর এটি তো সাড়ে চার মাসের ব্যাপার। টুর্নামেন্টের শুরুতে যদি আলকারাজকে একটি খালি কাগজ দিয়ে জিজ্ঞেস করা হতো যে প্রথম চার ম্যাচ সে কীভাবে শেষ করতে চায়, তবে সে ঠিক এভাবেই চিত্রনাট্য সাজাত।’
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আমেরিকান অষ্টম বাছাই বেন শেলটন কিংবা গ্রিসের স্টেফানোস সিতসিপাসের মুখোমুখি হবেন আলকারাজ। ট্যুর লেভেলে এর আগে শেলটনের বিপক্ষে তিনবার এবং সিতসিপাসের বিপক্ষে ছয়বার মুখোমুখি হয়ে প্রতিটিতেই তিনি জিতেছেন। এদিকে টুর্নামেন্টের অন্য ম্যাচে দানিএল মেদভেদেভকে ৭-৬ (৭-১), ৬-৪, ৭-৬ (৮-৬) সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন স্বাগতিক তারকা ফ্রান্সিস টিয়াফো।








