গ্রেপ্তার ‘ফোর স্টার’ গ্রুপের তিন ভাই
চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’-এর বিদেশে পলাতক তিন সদস্যের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা তাদের কাছে পাঠানো হতো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বিকাবদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। তারা তিনজনই সহোদর। তাদের বাবা আমির হোসেন ও মা নাসিমা বেগম।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজন মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’-এর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের ভাগ্নে। তারা ওই তিনজনের বড় বোন নাসিমা বেগমের ছেলে।
পুলিশ বলছে, মেহেদী হাসান ওরফে জয় গ্রুপটির হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের পাশাপাশি তিনি আর্থিক লেনদেনও পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ। এসব উৎস থেকে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠানো হতো।
এ ছাড়া সানজিম হাসানের বিরুদ্ধে ওই গোষ্ঠীর প্রভাব কাজে লাগিয়ে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে মামুন, মশিউর ও জামিলের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেপ্তার তিনজনের স্থায়ী ঠিকানা ঢাকার সাভারের নামাগেন্ডা। তাদের বর্তমান ঠিকানা পল্লবী থানার কালশী এলাকার ‘ধ’ ব্লকের ৫০ নম্বর বাসা।
পুলিশ আরও জানায়, তাদের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্ত চলছে।
অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির মিরপুর বিভাগ।





