নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

ছবি: আগামীর সময়
মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল চার বছরের শিশু দ্বীন ইসলাম ওরফে হামজা। সেখানে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামজা ওই গ্রামের মাশরাফিল ওরফে সোহানের ছেলে।
শিশুটির বাবা সোহান জানালেন, হামজা তার মায়ের সঙ্গে একই গ্রামের নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে পুকুরে খোঁজ চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
এরপর তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেছেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



