হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী
রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রুর সই করা আদেশে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীর সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে বিদায়ের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পরই তার বদলির এ আদেশ আসে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।
এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলীও প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান। হাত মেলানোর পর তিনি প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনার পরপরই তাকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি হয়।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন।
পরে সেখান থেকে রাজশাহীতে আসেন। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।




