ইউএস ওপেন
প্রথম রাউন্ড থেকেই জোকোভিচের বিদায়

সংগৃহীত ছবি
ইউএস ওপেনের প্রথম রাউন্ডই ঘটল অঘটন। টুর্নামেন্টের শুরুতেই বিদায় নিলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। র্যাংকিংয়ের ৪৮ নাম্বারে থাকা মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ সেটে হেরেছেন । গত ২০ বছরের মধ্যে এটি গ্র্যান্ড স্ল্যাম থেকে জোকোভিচের সবচেয়ে দ্রুততম বিদায়।
সর্বশেষ ২০০৬ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন জোকোভিচ। তখন পল গোল্ডস্টাইনের কাছে হেরেছিলেন সার্বিয়ান তারকা। এরপর টানা ৭৮টি গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছিলেন তিনি। নাভোনের কাছে হার দিয়ে শেষ হলো সেই দীর্ঘ পথচলাও।
নিউ ইয়র্কে প্রায় সাড়ে চার ঘণ্টার লড়াইয়ে জোকোভিচকে অবশ্য শুধু নাভোনের বিপক্ষেই খেলতে হয়নি, লড়তে হয়েছে নিজের শরীরের সঙ্গেও। ম্যাচের একপর্যায়ে কোর্টে বমিও করেছেন তিনি। শেষের দিকে ক্র্যাম্পেও ভুগেছেন। চিকিৎসকের কাছ থেকে ওষুধ নেওয়ার পাশাপাশি চতুর্থ ও পঞ্চম সেটের মাঝখানে নিচের পিঠে মালিশও নিতে হয়েছে।
২১ বছর আগে এই ইউএস ওপেনেই গ্র্যান্ড স্ল্যামে নিজের যাত্রা শুরু করেছিলেন জোকোভিচ। সেই একই টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন দুই দশক পর।







