বার্সার জয় ম্যানইউর ড্র

শেষবেলায় গোল করে প্রতিপক্ষকে অসংখ্যবার চমকে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার শেষের নাটকে উল্টো জয় হাতছাড়া হলো তাদের। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে এভারটন দুবার ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করল ম্যানইউর সঙ্গে।
৪৭তম মিনিটে ব্রায়ান এমবেউমো গোল করে এগিয়ে দেন ইউনাইটেডকে। ৮৩তম মিনিটে টাইরিক জর্জ ফেরান সমতা। ৮৮তম মিনিটে লুক শ’র ক্রস থেকে বেনিয়ামিন সেসকোর হেডে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে দূর থেকে নেওয়া মেটল্যান্ড-নাইলসের বুলেট শটে ২-২ সমতায় শেষ হয় রোমাঞ্চকর ম্যাচটি।
লা লিগায় টানা চার ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। গতকাল ভ্যালেন্সিয়ার মাঠে ৫-০ গোলে জিতেছে তারা। ৬ ও ৮৪ মিনিটে লামিন ইয়ামাল, ২২ মিনিটে ফেরমিন লোপেস, ৫০ মিনিটে রাফিনিয়া ও ৭৯ মিনিটে অন্য গোলটি করেন পেদ্রি।
অন্য ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে আতলেতিকো মাদ্রিদ। হুলিয়ান আলভারেস বিরতির পর নেমেও বাঁচাতে পারেনি দলকে। ম্যাচ শেষে তার বার্সায় যেতে চেয়েও থেকে যাওয়া নিয়ে করা প্রশ্নের উত্তর দেননি কোচ ডিয়েগো সিমিওনি। তবে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা মার্কোস ইয়োরেন্তে বলেছেন, ‘আলভারেস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা ওর গোল চাই।’
জার্মান বুন্দেসলিগায় টানা দুই বছর আর ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করে শীর্ষস্থান হারাল হ্যারি কেইনের দল। বেয়ার লেভারকুসেনের সঙ্গে গত বছর গোলশূন্য ড্র করার পর থেকে টানা ৪৭ ম্যাচে গোল করেছিল বায়ার্ন। থেমেছে সেই কীর্তিও।
ইতালির সিরি ‘এ’তে দুই গোলে পিছিয়ে থেকেও নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। জোড়া গোল করে তাদের নায়ক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেস।





