১১ বছরের ইউকি কুরিহারার এশিয়ান গেমসে সোনা জয়

সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে মাত্র ১১ বছর বয়সে সোনা জিতেছেন জাপানের ইউকি কুরিহারা। শনিবার পুয়ো পুয়ো চ্যাম্পিয়নসের ফাইনালে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতেন জাপানের এই খুদে তারকা। ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দোংশিনকে ১০-২ ব্যবধানে হারান তিনি।
চশমা পরা প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীকে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের সবচেয়ে কম বয়সী প্রতিযোগী বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে জাপানের এশিয়ান গেমস ইতিহাসেও তিনিই সবচেয়ে কম বয়সী অ্যাথলেট।
পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস একটি পাজল গেম। এতে বিভিন্ন রঙের ছোট ছোট আকৃতিকে একই লাইনে সাজিয়ে সরিয়ে ফেলতে হয়।
পুরো প্রতিযোগিতায় দারুণ আত্মবিশ্বাসী ছিলেন কুরিহারা। সেমিফাইনালে থাইল্যান্ডের ২৮ বছর বয়সী তানারাক ওয়ংকিতকুনকে ১০-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। এতে অন্তত রুপার পদক নিশ্চিত হয় তার।
ফাইনালে শুরুতে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান কুরিহারা। শেষ পর্যন্ত ১০-২ ব্যবধানে জয় নিয়ে সোনা নিশ্চিত করেন। তবে জয়ের পরও তার মুখে ছিল না তেমন কোনো উচ্ছ্বাস, ‘সত্যি বলতে, আমি একটু লজ্জিত বোধ করছিলাম। তাই খুব একটা অভিব্যক্তি দেখাতে পারিনি বা মুখের ভাবও বদলাতে পারিনি।’
পদক নেওয়ার সময় মঞ্চে হালকা ঝুঁকে অভিবাদন জানান তিনি। এরপর দর্শকদের দিকে ছোট্ট করে হাত নাড়েন।
সোনা জিতে কুরিহারা বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। সোনার পদকটি খুব সুন্দর, চকচকে এবং ভারী। আর সঙ্গে পাওয়া খেলনাটিও খুব সুন্দর। সেটিও সোনালি রঙের হওয়ায় আরও ভালো লাগছে।’
প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই পুয়ো পুয়ো খেলা শুরু করেন কুরিহারা। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় পেতে থাকেন। চলতি বছরের এপ্রিলে পেশাদার খেলোয়াড়ের লাইসেন্সও পান তিনি। নিয়মিতই তার কাছে হারছেন প্রাপ্তবয়স্ক প্রতিযোগীরা।
এশিয়ান গেমসের আগে কুরিহারা বলেছিলেন, ‘স্কুল ও কোচিংয়ের সঙ্গে সবকিছু সামলে চলা কঠিন। তবে খেলাটা সত্যিই অনেক মজার।’
১৯৫১ সালে শুরু হওয়া এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পদকজয়ীদের কোনো নির্ভরযোগ্য প্রকাশ্য তালিকা নেই। তবে ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে মাত্র ১২ বছর বয়সে মেয়েদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ইন্দোনেশিয়ার বুনগা নিয়ামাস। আর তিন বছর আগে হাংজু এশিয়ান গেমসে মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে ১৩ বছর বয়সে সোনা জিতেছিলেন চীনের কুই চেনসি।



