মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

অসুস্থ আবু জাহেদ ও তার বাবা আল আমীন
ডেঙ্গুতে অন্তসত্ত্বা স্ত্রীকে হারানোর পর অসুস্থ ছেলে আবু জাহেদকে (৮) নিয়ে বাসায় ফিরেছেন আল আমীন।
গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
আবু জাহেদের ডেঙ্গু উপসর্গ ছিল। সে চমেক হাসপাতালের ৮ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি ছিল।
২০ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর জাহেদের মা মণি আকতার ৯ মাসের অন্তসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে মারা যান।
জাহেদের বাবা আল আমীন বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর মণিকে পাহাড়তলীতে স্থানীয় চিকিৎসকের অধীনে চিকিৎসা করানো হয়। এর পর ১৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। সাজিনাস হাসপাতালে আইসিইউতে ছিল সে। শনিবার বিকালে তাকে লাইফ সাপোর্টে দেওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসকেরা। তখন মুচলেকা দিয়ে হাসপাতাল থেকে নামিয়ে নেন আল আমীন।
আল আমীন জানান, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তোলার ছয় মিনিটের মাথায় স্ত্রীর মৃত্যু হয়। টাকা পয়সা সংকটের কারণে লাইফ সাপোর্টে রাখতে রাজি হননি তিনি।
এর পর দিন ছেলে আবু জাহেদকে হাসপাতালে ভর্তি করানো হয়। ছেলেটির জ্বর ছিল। সে খুব বমি করছিল। সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আল আমীন বললেন, ‘ছেলে এখন সুস্থ রয়েছে। তবে দুর্বল।’
এর আগে মঙ্গলবার দৈনিক আগামীর সময়ে, ‘ডেঙ্গুতে অন্তসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।



