মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

গ্রেপ্তার তাজুল ইসলাম মহলদার
হবিগঞ্জের মাধবপুরে বাঘাসুরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ তাজুল ইসলাম মহলদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার সকালে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাজুল ইসলামকে মাধবপুর থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে হবিগঞ্জ সদর থানায় পাঠানো হয়। সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়।
তাজুল ইসলাম মহলদার বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাধবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার আগামীর সময়কে জানিয়েছেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাজুল ইসলাম মহলদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন, বৈষম্যবিরোধী মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



