চীন সফরে রওনা হলো বাংলাদেশ জাতীয় হকি দল

সংগৃহীত ছবি
আসন্ন এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতি ও নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিতে চীন সফরের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। এই সফরে বাংলাদেশ দল মোট ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে।
আজ ২ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯:৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের (CZ 8010) একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হকি দলটি চীনের বেইজিং ড্যাক্সিং বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। ভোর ৫:০০ মিনিটে দলটির বেইজিং পৌঁছানোর কথা রয়েছে।
সফর চলাকালীন চীনের তিয়ানজিন জিংহাই ডিস্ট্রিক্টের তুয়ানবো স্পোর্টস সেন্টারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ দল চীনের জাতীয় দলের সাথে ৩টি এবং স্থানীয় তুয়ানবো স্পোর্টস সেন্টার দলের সাথে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে।
বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে মাঠে নামার আগে এই ম্যাচগুলো দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের ঘাটতি দূর করতে এবং রণকৌশল সাজাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।





